
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের কৃতি সন্তান ড.কামরুজ্জামান কাওসারকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুলশান কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত করেছে। তাঁর দীর্ঘ শিক্ষাগত অভিজ্ঞতা, সততা, পেশাদারিত্ব এবং প্রশাসনিক দক্ষতার ভিত্তিতেই এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
ড.কামরুজ্জামান কাওসার একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও দক্ষ প্রশাসক। বর্তমানে তিনি নর্দার্ণ ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ব্যবসায় শিক্ষা অনুষদের মার্কেটিং বিভাগে অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে তিনি মার্কেটিং ম্যানেজমেন্ট, কনজিউমার বিহেভিয়ার, সাপ্লাই চেইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট এবং ব্র্যান্ড ম্যানেজমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্স পরিচালনা করেন। পাশাপাশি তিনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও সোনারগাঁও ইউনিভার্সিটিতেও ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত আছেন।
তিনি শহীদ বীরবিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন রেক্সওয়া-এর সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। তাঁর উদ্যোগী নেতৃত্বে চলতি মাসেই উক্ত প্রতিষ্ঠানে ই-লাইব্রেরীর কার্যক্রম শুরু হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
এছাড়াও, তিনি ২০১০ সাল থেকে মাইক্রো ফাইবার গ্রুপ-এর ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শতভাগ রপ্তানিমুখী নিট কম্পোজিট টেক্সটাইল প্ল্যান্ট। এর আগে তিনি দীর্ঘ ১৬ বছর (১৯৯৩–২০০৯) বাংলাদেশ ব্যাংকের হেড অফিসে যুগ্ম-পরিচালক (Joint Director) হিসেবে কর্মরত ছিলেন। তদপূর্বে তিনি দশম বিসিএস (কৃষি) ক্যাডারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম অঞ্চলে এক বছর দায়িত্ব পালন করেন।
নিজের নতুন দায়িত্ব সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ড.কামরুজ্জামান কাওসার বলেন, “গুলশান কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। শিক্ষা প্রতিষ্ঠানটির একাডেমিক উৎকর্ষতা ও প্রশাসনিক উন্নয়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং গুলশান কলেজের শিক্ষক-শিক্ষার্থী মহল আশা করছে, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
এদিকে চাঁদপুরের কৃতি সন্তান ড.কামরুজ্জামান কাওসার গুলশান কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ঐতিহ্যবাহী শাহাতলী কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং বডির সম্মানিত সভাপতি সোহেল রুশদী।




