চাঁদপুরে এনসিপির জুলাই পদযাত্রায় যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তা

আহম্মদ উল্যাহ : দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ আজ বুধবার (২৩ জুলাই ২০২৫খ্রি.) চাঁদপুর জেলায় পদযাত্রা ও জনসভা করবেন। জেলায় এনসিপির পদযাত্রার অংশ হিসেবে চাঁদপুরেও সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ১০ টায় শহরের বাসস্ট্যান্ড সড়কে পদযাত্রায় অংশ নিবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে চাঁদপুরে তৃণমূল নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন সাটানো হয়েছে।

গত এক সপ্তাহ ধরে চাঁদপুরে বিভিন্ন হাট বাজার এবং পাড়া মহল্লায় মাইকিং করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সামনের সাড়ির ছাত্রনেতাদের এক নজর দেখতে অপেক্ষা করছে তাদের সমর্থকরা।

এ পদযাত্রা ও সভাকে ঘিরে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জানা গেছে, এনসিপির পদযাত্রা ও জনসভা ঘিরে সেনাবাহিনী ছাড়াও পুলিশ ও এপিবিএনের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এনসিপি প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে নোয়াখালী থেকে মঙ্গলবার রাতে চাঁদপুর সার্কিট হাউজে এনসিপির নেতৃবৃন্দ আগমন করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, যুগ্ন সদস্য সচিব সামান্তা শারমিন ও হুমাইরা নুরসহ (৫০/৬০) নেতৃবৃন্দ রয়েছে। বাকি নেতৃবৃন্দ আজ বুধবার সকালে চাঁদপুর আসবেন।

এছাড়াও গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর বাসস্ট্যান্ড মসজিদে মাইলস্টোন ট্রাজেডির শিকারদের জন্যে দোয়া হয়েছে এবং আজ বুধবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকার করবেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত জেলা এনসিপির সংবাদ সম্মেলনে এই কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।

এ পদযাত্রা ও জনসভাকে ঘিরে শহরের মোড়ে মোড়ে সেনাবাহিনী ছাড়াও পুলিশ ও এপিবিএনের অতিরিক্ত পুলিশ অবস্থান করছেন।

এনসিপি নেতাদের স্বাগত জানাতে শহরের বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। পদযাত্রা ও জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও উপস্থিত থাকবেন এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন, যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ অন্যরা। জনসভা শেষে এনসিপির নেতৃবৃন্দ ফেনীর উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম জানান, এনসিপির পদযাত্রা ও জনসভাকে ঘিরে নিরাপত্তার চাদরে মোড়ানো গোটা শহর, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পুলিশ অত্যন্ত সর্তক অবস্থানে রয়েছে। এছাড়া পুলিশ ও সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। এছাড়া বাড়তি নিরাপত্তায় মঞ্চের চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ।

এনসিপির জেলা প্রধান সমন্বয়ক মাহবুব আলম জানান, রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবার ফেনী-নোয়াখালী-লক্ষীপুরের পদযাত্রা স্থগিত করা হলেও আগামীকাল বুধবার চাঁদপুর ও কুমিল্লার পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে। জেলায় পথযাত্রার পর শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় পথসভা হবার কথা রয়েছে।

সম্পর্কিত খবর