
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, শিক্ষাউপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯নভেম্বর (রবিবার) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জমিদাতা সদস্য সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জমিদাতা সদস্য সোহেল রুশদী বলেন, প্রাথমিক শিক্ষা হলো শিক্ষাজীবনের মূল ভিত্তি। তোমরা আজ সেই ভিত্তি সফলভাবে পার করে মাধ্যমিক বিদ্যালয়ের বৃহত্তর আঙিনায় পা রাখতে যাচ্ছ। তোমাদের এই সাফল্যের পেছনে তোমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং মা-বাবার ত্যাগ জড়িয়ে আছে। তোমরা এখন থেকেই নিজেদের জীবনের লক্ষ্য স্থির করবে। তোমাদের মাঝেই লুকিয়ে আছে আগামীর ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক কিংবা দেশ পরিচালনার যোগ্য নেতৃত্ব। বড় স্বপ্ন দেখলে তবেই বড় হওয়া সম্ভব।
তোমাদের একজন আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে।শিক্ষার্থীদের আদশিক ও মানবিক মানুষ হতে হবে ।তোমরা পড়াশোনার কাজে প্রযুক্তিকে ব্যবহার করবে, কিন্তু কখনোই মোবাইল বা গেমসে আসক্ত হবে না। পরীক্ষায় ভালো ফলাফলের চেয়েও বড় অর্জন হলো একজন সৎ, চরিত্রবান ও ভালো মানুষ হওয়া।
তিনি বলেন, ১৯৪৮ সালে আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তিনি এ অঞ্চলসহ সারাদেশে প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তৎকালীন সরকার মরহুম এটি আহমেদ হোসাইন রুশদীকে ‘রুশদী’ উপাধিতে ভূষিত করে। এ প্রতিষ্ঠানটি প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাথমিক স্তর শিক্ষার মূল ভিত্তি। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করেছেন। আগামীতে সরকার শিক্ষার্থীদের ড্রেস ও স্কুলব্যাগ দেবে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক শিক্ষার বিষয়ে অত্যন্ত আন্তরিক। তিনি শিক্ষার উন্নয়নে কাজ করছেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন বলে আশা করি। বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হচ্ছে। সরকার যখন যে নির্দেশনা দেবে, সেগুলো বাস্তবায়ন করতে হবে।
তিনি আরো বলেন, জিলানী চিশতী কলেজ চাঁদপুর জেলায় এইচএসসি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছে। এই ভালো সাফল্যে আমি গর্ববোধ করি। ফলাফলের এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারী,সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামিমা সুলতানা, শাহিনা সুলতানা, নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষক মোঃ কবির হোসেন চৌধুরী, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, হিসাব সহকারি মো: মেহেদী হাসান সহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ৷
অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদীর পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি। অনুষ্ঠানে দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।



