
চাঁদপুর খবর রিপোর্ট :‘বাংলাদেশে জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা গত ২৪ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম. এ. লতিফ মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব টরন্টো, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আহমেদ জিয়াউর রহমান। তিনি তাঁর বক্তব্যে চাঁদপুর জেলার আর্সেনিক সমস্যার ভয়াবহতা তুলে ধরে জানান, ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে মাত্র ছয় বছরের ব্যবধানে জেলায় আর্সেনিক-আক্রান্ত জনগোষ্ঠীর সংখ্যা ৫২ হাজার থেকে বেড়ে প্রায় ১১ লাখে উন্নীত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ এবং এ বিষয়ে অধিকতর গবেষণার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে ইউনিভার্সিটি অব টরন্টো ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহণ করছেন।



