
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা নাহিদ হোসেন -ভাতিজা আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চেকপোস্টে আটক আরও ১০ যুবককে থানা হেফাজতে রেখেছে পুলিশ।
বুধবার ভোরে চাঁদপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কুড়ালিয়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করে সদর মডেল থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন ১০ যুবককে আটক করে তাদের মোবাইল ফোন যাচাই করা হয়। এক যুবকের মোবাইল গ্যালারিতে পিস্তলের ছবি পাওয়া গেলে জিজ্ঞাসাবাদে সে জানায়, অস্ত্রটি তার চাচা নাহিদ হোসেনের।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কচুয়া পৌরসভার কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় নাহিদের ঘরের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নাহিদ হোসেন ও তার ভাতিজা মো. আরাফাতকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাদেরকে কচুয়া থানা পুলিশের কাছে অসন্তর করা হয়েছে।



