
বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর এলাকার গোহট গ্রামে মেসার্স বাচ্চু ও দেলোয়ার ব্রিকসে মালিকানা দাবি করে আল-আমিন ফাহাদ নামে এক ব্যক্তির নেতৃত্বে সংঘবদ্ধ লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ইটভাটার কর্মচারী ও শ্রমিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
ভাটার কার্যালয়, শ্রমিকদের ঘর, পরিবহণের গাড়ি এবং তৈরি করা ইট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভাটার মালিকপক্ষ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। হামলাকারীদের আতঙ্কে এবং অগ্নিসংযোগের কারণে আহতরা ঘটনাস্থল ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলে হামলা ও ভাঙচুরের বিবরণ জানা যায়। এ সময় ইটভাটায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও ক্ষয়ক্ষতির চিত্রও দেখা যায়। হামলায় আহতদের মধ্যে রয়েছেন ইটভাটার ম্যানেজার মো. ইকবাল হোসেন (৪৪), মালিকপক্ষের পরিচালক বাবুল মিয়া (৬০), কর্মচারী ফজলুর রহমান (৩৮), সাদ্দাম ভূঁইয়া (৪০), কাউসার সরদার (৩২), জিন্নত আলী (২৮), এমরান হোসেন (৩০) এবং কয়েকজন শ্রমিক। ইটভাটার মালিকপক্ষের দেওয়া তথ্যে জানা যায়, প্রায় দুই দশক আগে কচুয়ার গোহট এলাকায় বাচ্চু মিয়া ও দেলোয়ার হোসেন যৌথভাবে ইটভাটাটি প্রতিষ্ঠা করেন। কয়েক বছর ধরে যৌথ মালিকানায় ভাটাটি পরিচালিত হয়ে আসছিল।
এর মধ্যে বাচ্চু মিয়ার মালিকানার অংশ ছিল বেশি এবং দেলোয়ার হোসেনের ছিল এক-চতুর্থাংশ। মালিকপক্ষের দাবি, ব্যক্তিগত প্রয়োজনে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর দেলোয়ার হোসেন এফিডেভিটের মাধ্যমে তাঁর মালিকানার অংশ বাচ্চু মিয়াকে লিখে দেন। পাশাপাশি ইটভাটার জমি ও সম্পত্তি লিখে দেওয়ার জন্য অর্থ গ্রহণ করে বায়নাপত্র সম্পাদন করেন। বায়নাপত্রের সময় তিনি ৩৯ লাখ টাকা গ্রহণ করেন। বাকি ১৯ লাখ টাকা জমি লিখে দেওয়ার সময় পরিশোধের চুক্তি হয়। এ চুক্তির পরও ২০২৪ সালে দেলোয়ার হোসেন ও তাঁর লোকজন মালিকানা দাবি করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞার আবেদন করেন। মালিকপক্ষের দাবি, আদালত আবেদন গ্রহণ করে তদন্ত ও কাগজপত্র পর্যালোচনার পর দেলোয়ার পক্ষের দাবির পক্ষে পর্যাপ্ত কাগজপত্র না পাওয়ায় বাচ্চু মিয়া পক্ষের অনুকূলে সিদ্ধান্ত দেন।
আহত ভাটার ম্যানেজার ইকবাল হোসেন বলেন, “দুপুরে ইটভাটায় কাজ করছিলাম। এ সময় একদল লোক এসে কিছু বুঝে ওঠার আগেই হামলা ও ভাঙচুর শুরু করে। তারা আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। প্রাণ বাঁচাতে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিই।”
মালিকপক্ষের হয়ে ইটভাটার পরিচালনার দায়িত্বে থাকা বাবুল মিয়া বলেন, “হঠাৎ আল-আমিন ফাহাদ অনেক লোকজন নিয়ে ইটভাটায় প্রবেশ করেন। তাঁরা ভাটার দুটি অফিস, শ্রমিকদের ঘর ও একটি গাড়িতে আগুন দেন। চারটি গাড়ি ভাঙচুর ও লুটপাট করেন। আমাকে বেধড়ক মারধর করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে আমি রক্তাক্ত জখম হই। তাঁদের হাত থেকে কোনোভাবে রক্ষা পেয়ে একটি বাড়িতে আশ্রয় নিই। পরে বিকেলে একজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।”
একই ধরনের অভিযোগ করেন আহত ফজলুর রহমান ও সাদ্দাম ভূঁইয়া। তাঁদের দাবি, হামলাকারীরা তাঁদেরও মারধর করে রক্তাক্ত জখম করেছে। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইটভাটার মালিক সোহেল মিয়া অভিযোগ করে বলেন, “আল-আমিন ফাহাদ রাজনৈতিক প্রভাব বিস্তার করে এ হামলা চালিয়েছেন। দেশীয় অস্ত্রের আঘাতে আমাদের কর্মচারী ও শ্রমিকেরা আহত হয়েছেন। ইটভাটায় এসে তাঁরা ত্রাসের সৃষ্টি করেন। এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। কেউ এগিয়ে আসার সাহস পাননি। পরিকল্পিত এ হামলায় ইটভাটার সার্বিক ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা।” এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়া হবে জানিয়ে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “স্থানীয়দের মাধ্যমে আমরা ঘটনাটি জানতে পেরেছি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনা সম্পর্কে জেনেছি। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে কোনো পক্ষই আমার কাছে অভিযোগ করেনি।” তিনি আরও বলেন, “ইটভাটার মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি আমি জানি। এ নিয়ে একবার থানায় দুই পক্ষের সঙ্গে কথা হয়েছে।
বিষয়টি জটিল এবং থানায় সমাধানযোগ্য না হওয়ায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।” হামলার বিষয়ে অভিযুক্ত আল-আমিন ফাহাদের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত থাকার কথা জানিয়ে এক ঘণ্টা পর ফোন করতে বলেন। পরে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।



