অনলাইন জুয়ার ঋণ শোধ করতে নানিকে হত্যা : ঘাতক সিয়ামকে জেলা কারাগারে প্রেরণ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের আলোচিত বৃদ্ধা লুৎফুন্নাহার (৬৫) হত্যা মামলার প্রধান আসামি তাঁর নাতি কিশোর সিয়াম প্রধানীয়াকে (১৬) জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সফল অভিযানে মামলা দায়েরের ৪২ ঘণ্টার মধ্যে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই আওলাদ হোসেন রিকাবদার ও পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কিশোর সিয়াম প্রধানীয়াকে শনাক্ত করে।

সে চাঁদপুর সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরুল্লাহপুর এলাকার সাগর প্রধানীয়া বাড়ির মো. হোসেন প্রধানীয়া ও জান্নাত বেগমের ছেলে। গত ২২ নভেম্বর বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে জোড়পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, গ্রেপ্তার সিয়াম প্রধানীয়া মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সম্পর্কে সে নিহত লুৎফুন্নাহারের নাতি। তার মা জান্নাত বেগম নিহতের তৃতীয় মেয়ে। পুলিশের ভাষ্য অনুযায়ী, সিয়াম অনলাইন জুয়ায় আসক্ত ছিল। জুয়া খেলে টাকা হারিয়ে সে ঋণগ্রস্ত হয়ে পড়ে। সেই টাকা পরিশোধের উদ্দেশ্যে একাই হত্যার পরিকল্পনা করে।

ঘটনার দিন কৌশলে নানির ভাড়া বাসায় প্রবেশ করে তাঁর হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে তাঁর গলার স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। পরবর্তীতে সিয়ামের দেখানো মতে, ওই ভবনের সপ্তম তলার টয়লেটের পাইপের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করে জব্দ করে পুলিশ।

এ ছাড়া ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরুল্লাহপুরে তার নিজ বাড়ির শয়নকক্ষে রাখা স্টিলের আলমারির নিচ থেকে নিহতের গলার স্বর্ণের চেইন, একটি হাতের আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে চাঁদপুর সদর মডেল থানাধীন জেএম সেনগুপ্ত রোডের জোড়পুকুর পাড় এলাকার ‘নাজিরা কমপ্লেক্স’ ভবনের সপ্তম তলার উত্তর-পূর্ব পাশের একটি কক্ষে লুৎফুন্নাহারকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। নিহত লুৎফুন্নাহার মৃত জয়নাল আবেদিনের স্ত্রী।

তাঁর স্থায়ী ঠিকানা চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাজির খান বাড়ি। চলতি মাসের ১ তারিখ তিনি ওই ভবনের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন এবং সেখানে একাই বসবাস করতেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদসহ পিবিআই ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার (৩৬) বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন।

এর পরিপ্রেক্ষিতে চাঁদপুর সদর মডেল থানায় এফআইআর নং-৮৩ (তারিখ ২১ নভেম্বর ২০২৬), জিআর নং-১৫৩১ এবং দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা করা হয়। মামলাটির তদন্তভার দেওয়া হয় সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন রিকাবদারকে। এ ঘটনায় গত ২৩ নভেম্বর জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।

এ সময় তিনি হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ, আসামি গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের তথ্য তুলে ধরেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারের পর সিয়ামকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সম্পর্কিত খবর