
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে শাহরাস্তি থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম কালু জমাদারকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চাঁদপুর সদর থানাধীন পূর্ব জাফরাবাদ রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহিদুল ইসলাম কালু জমাদার চাঁদপুরের পূর্ব জাফরাবাদ এলাকার বাসিন্দা।
তিনি শাহরাস্তি থানায় দায়ের করা একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আলীম। তিনি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে পুলিশের এ অভিযানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।



