
বিশেষ প্রতিনিধি : চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকায় চাঁদপুর জেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের জরুরি সভায় সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ। বোর্ড সূত্রে জানা যায়, এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা কুমিল্লা বোর্ডের মোট ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে।
এর মধ্যে সর্বোচ্চ ৩১টি প্রতিষ্ঠান কুমিল্লা জেলার। এছাড়া নোয়াখালীর ১৫টি, চাঁদপুরের ১৩টি, লক্ষ্মীপুরের ১১টি, ব্রাহ্মণবাড়িয়ার ৫টি এবং ফেনী জেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শোকজ নোটিশে বলা হয়েছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশের কম শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যাসহ লিখিত জবাব দাখিল করতে হবে।
পাশাপাশি মঙ্গলবার সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্রসহ সংশ্লিষ্ট অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড সূত্র আরও জানায়, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৪৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার : শিক্ষা বোর্ডের তালিকা অনুযায়ী, চাঁদপুর জেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে।
প্রতিষ্ঠানগুলো হলো : ১. চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ ১০.০০ শতাংশ। ২. বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ ১২.৭৯ শতাংশ। ৩. সাচার ডিগ্রি কলেজ ১৭.৩৫ শতাংশ। ৪. কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৯.০৫ শতাংশ। ৫. লাউতলী ডা. রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ২১.৪৩ শতাংশ। ৬. নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ — ২৩.৪৪ শতাংশ। ৭. ফরক্কাবাদ ডিগ্রি কলেজ ২৩.৫০ শতাংশ। ৮. সুজাতপুর ডিগ্রি কলেজ ২৪.৭৪ শতাংশ। ৯. নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ ২৪.৮৮ শতাংশ। ১০. চিতোষী ডিগ্রি কলেজ ২৫.৮৪ শতাংশ।
১১. মুন্সী আজিম উদ্দিন কলেজ ২৬.২৩ শতাংশ। ১২. নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর হাই স্কুল অ্যান্ড কলেজ ২৭.৪৮ শতাংশ। ১৩. কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ২৮.১৬ শতাংশ। চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফল জেলার শিক্ষা অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। শিক্ষা বোর্ডের এ উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান, প্রশাসনিক কার্যক্রম ও ফলাফল বিপর্যয়ের কারণ পর্যালোচনার সুযোগ তৈরি হয়েছে।



