চাঁদপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ কর্মসূচি সুষ্ঠু ও নির্ভুলভাবে বাস্তবায়নের জন্য চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ ও ২৩ নভেম্বর ২০২৬ (রবি ও সোমবার) দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতি, তথ্য যাচাই-বাছাই এবং দায়িত্ব পালনের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ২৩ নভেম্বর সোমবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা যেসব এলাকায় দায়িত্ব পালন করবেন, সেসব এলাকার নারীপ্রধান পরিবারের বিস্তারিত তথ্য অত্যন্ত সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগ্রহ করবেন।

কোনোভাবেই ভুল বা অসত্য তথ্য অন্তর্ভুক্ত করা যাবে না। সকাল থেকেই মাঠপর্যায়ে কাজ শুরু করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।” তিনি আরও বলেন, “ফ্যামিলি কার্ড বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। মাননীয় প্রধানমন্ত্রী গত ১৬ মে চাঁদপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন।

তাই সরকারের এ উদ্যোগ সফল করতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।” অনুষ্ঠানে সার্বিক কার্যক্রম পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুব আলম। তিনি প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর জেলায় মোট ৬ লাখ ৭৭ হাজার ৩৪৮টি খানা রয়েছে। এর মধ্যে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় মোট ৮৪ হাজার ৪৪৬টি খানা। চাঁদপুর-২ নির্বাচনী এলাকার মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলায় যথাক্রমে ৫৯ হাজার ৫৩৫ ও ৭৯ হাজার ৪২৯টি খানা রয়েছে।

এ ছাড়া চাঁদপুর-১ নির্বাচনী এলাকা কচুয়া উপজেলায় ১ লাখ ২ হাজার ১৪৬টি, চাঁদপুর-৪ নির্বাচনী এলাকা ফরিদগঞ্জ উপজেলায় ১ লাখ ১৪ হাজার ২৭৭টি এবং চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় যথাক্রমে ৬২ হাজার ৬৩৫ ও ৮৯ হাজার ৬৩৪টি খানা রয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে চাঁদপুর জেলায় ৯৪৭ জন তথ্য সংগ্রহকারী এবং ৯৪ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বমোট ১ হাজার ৪১ জন জনবল মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও তদারকির দায়িত্ব পালন করবেন। আগামী ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ অক্টোবর ২০২৬ (সোমবার) চাঁদপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

এ কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি গিয়ে পরিবারের নারীপ্রধানদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। নির্ভুল তথ্যের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর