
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জেলা মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের ট্রাক রোডে চাঁদপুর জেলা জামায়াতের কার্যালয়ে এ অধিবেশনের আয়োজন করা হয়।
অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মাওলানা মো. লিয়াকত আলী ভূঁইয়া।জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা আবদুর রহীম পাটওয়ারী, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, ডা. আবদুল মবিন, মো. জাহাঙ্গীর আলম প্রধান ও মো. হারুন আর রশিদসহ জেলা কর্মপরিষদ ও মজলিশে শুরার সদস্যরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মুমিন জীবনের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই প্রতিটি কাজের লক্ষ্য হতে হবে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইকামাতে দ্বীনের দাওয়াত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে মজলিশে শুরার সদস্যদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ে নেতা-কর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়নে জামায়াতে ইসলামীর সকল জনশক্তিকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে।
৪০ দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে হবে। জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের জনশক্তিকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির নৈরাজ্য, অগ্নিসংযোগ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দেশপ্রেমিক সব নাগরিকের নৈতিক দায়িত্ব।



