হাজীগঞ্জে হাজিরা খাতায় স্বাক্ষর করেও বিদ্যালয়ে অনুপস্থিত সেই বিতর্কিত শিক্ষিকা শ্যামলী!

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহিনুর আক্তার শ্যামলীর বিরুদ্ধে হাজিরা খাতায় স্বাক্ষর করে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে।

তিনি গত বছরের নভেম্বরে শিক্ষক্ষদের আন্দোলনে গিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। তিনি বিভিন্ন গনমাধ্যমে বলেছিলেন, গত বিশ বছর দেশি মুরগী কিনে খেতে না পাড়ার আক্ষেপ করেন। তিনি যে বেতন পান তা দিয়ে তার পরিবারকে দেশি মুরগী কিনে খাওয়াতে পারেননি।

এমন বিতর্কিত বক্তব্য সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। অথচ সেই শিক্ষিকার হাজীগঞ্জ শহরেই রয়েছে ৫তলা আলিশান বাড়ি। শিক্ষিকার সেই বাড়ি নিয়ে দেশের প্রায় গণমাধ্যমে নিউজ প্রকাশিত হলে দেশের মানুষের কাছে সত্যটা বেরিয়ে আসে।
সোমবার ( ২৩ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে তাঁকে কর্মস্থলে পাওয়া যায়নি।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষিকা নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর করলেও দায়িত্ব পালনের সময় বিদ্যালয়ে থাকেন না বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরুবা দিপ্তি বলেন, তিনি কোথায় গিয়েছেন, সে বিষয়ে আমাকে কিছু বলে যাননি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিল্লাল হোসেন বেলাল অভিযোগ করে বলেন, এ শিক্ষককে এর আগে কয়েকবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছে, কিন্তু তিনি কারও কথা শোনেন না। তিনি পতিত সরকারের সমর্থক।

বিষয়টি অবহিত করার পর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুব আলম জানান, আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষিকা শাহিনুর আক্তার শ্যামলীর বক্তব্য জানতে তাঁর ফেসবুক মেসেঞ্জারে একটি বার্তা পাঠালেও তিনি কোন বক্তব্য বা রিপ্লাই দেননি।

সম্পর্কিত খবর