
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৩টি মামলায় মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, চাঁদপুর বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘আরিয়ান ফুড প্রোডাক্টস’-কে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অননুমোদিতভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে সস ও আচার তৈরি এবং নিবন্ধন ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ প্রমাণিত হয়। অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অনুমোদন ছাড়া এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২টি মামলায় ২ জনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে অভিযানে ৩টি মামলায় ৩ জনকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিতকরণ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



