
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও এলাকায় দিনমজুর মো. তৌহিদ ইসলামের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগের ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নাম্বার -৬০, তারিখ : ১৪-১১-২০২৬খ্রি.। বাৎসরিক নাম্বার : ১৫০৮, ধারা , ১৪৩,৩৪১,৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৫০৬।পেনেল কোড : ১৮৬০।
মামলার বাদী আহত তোহিদের স্ত্রী ফাতেমা আক্তার। তিনি বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে লিখিত এজাহার দিয়েছেন।
এজাহারে উল্লেখিত আসামিরা হলেন : ১. মো. রানা গাজী (২৮), পিতা– মো. বতা মিয়া গাজী। ২. মো. রাসেল গাজী (২৫), পিতা– আবুল বাশার গাজী। ৩. মো. মাসুম (২৪), পিতা– মকবুল।৪ . মো. আব্দুল্লাহ গাজী (২৩), পিতা– মো. ইউসুফ গাজী (কুটু গাজী)। ৫. মো. সজিব গাজী (২৫), পিতা– মো. ইউসুফ গাজী (কুটু গাজী)। ৬. মো. রকি (২২), পিতা– মো. সিরাজ। ৭. মো. মারুফ (২৩), পিতা– মো. নুরা। ৮. মো. সজিব গাজী (২৫), পিতা– মো. শহিদ গাজী। ৯. মো. হৃদয় গাজী (২১), পিতা– মো. নাছির গাজী। ১০. মো. রবিন (২৩), পিতা– অজ্ঞাত। ১১. মো. রুমান গাজী (২২), পিতা– অজ্ঞাত।সব সাং বড় শাহতলী ও ছোট শাহতলী গ্রাম, ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন, চাঁদপুর সদর ।
এজাহারে উল্লেখিত ১১ জনের সবার ঠিকানা চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় শাহতলী ও ছোট শাহতলী গ্রাম। এছাড়া তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার সাক্ষী হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে: মো. তৌহিদ ইসলাম (৪০), রহিম খান (৪৮), আবুল খায়ের (৫০), বোরহান বেপারী (২৮), মাসুদ বেপারী (৪০), তারেক খান (২৭), ইউসুফ (১৭), মেহেদী (২২), সৈকত (২২) ও মো. নেছার খান (৫৮)। এ ছাড়া তদন্তকালে আরও সাক্ষীর নাম পাওয়া যেতে পারে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে শাহমাহমুদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাটেরগাঁও এলাকায় নেছার খানের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে। এজাহারে বাদী অভিযোগ করেন, পূর্ববিরোধের জেরে আসামিরা তাঁর স্বামী তৌহিদ ইসলামের সঙ্গে বিভিন্ন সময় বিবাদে জড়াতেন এবং তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন তাঁর স্বামী বাড়ি ফেরার পথে উল্লেখিত আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে তৌহিদের মাথা ফেটে যায়, চোখে গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে হামলাকারীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে আঘাত করতে থাকেন। এ সময় স্থানীয় কয়েকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তোহিদকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাদী ফাতেমা আক্তার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
প্রসঙ্গত : তৌহিদ একজন দরিদ্র দিনমজুর। তার আয়েই চলে পুরো সংসার। তার তিনটি শিশুসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন সংকটাপন্ন অবস্থায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন স্বজনরা। স্থানীয়দের মতে, এই হামলা শুধু একজন ব্যক্তিকে আহত করেনি, একটি অসহায় পরিবারকেও গভীর অন্ধকারের মুখে ঠেলে দিয়েছে।
এ ঘটনায় তৌহিদের পরিবারের পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় মামলা করা হয়েছে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, তৌহিদের শারীরিক অবস্থা অভ্যন্ত সংকটাপন্ন। তিনি তৌহিদের পরিবারের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেছেন। পাশাপাশি মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা : সর্বশেষ তথ্য অনুযায়ী, তৌহিদের জরুরি অপারেশনের জন্য এ মুহূর্তে কয়েক লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছে পরিবার। কিন্তু দরিদ্র দিনমজুর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। টাকার অভাবে তার উন্নত চিকিৎসা ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
তৌহিদের জীবন বাঁচাতে ইতোমধ্যে এলাকাবাসীর উদ্যোগে বিভিন্ন স্থান থেকে অনুদান সংগ্রহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই তৌহিদের সুচিকিৎসা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবার ও এলাকাবাসী। সবশেষ তথ্য অনুযায়ী জানা গেছে গুরুত্বর আহত দিনমজুর তৌহিদের অবস্থা আশংকাজনক ।



