চাঁদপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী শাহজাহান গাজী গ্রেপ্তার : বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ শাহজাহান গাজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত তিনি। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

শাহজাহান গাজী চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। লক্ষ্মীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর শাহী মসজিদের সামনে ইয়াবা বিক্রির সময় তাঁকে হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চাঁদপুর মডেল থানার এসআই নাজমুল ও এএসআই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।

পুলিশ ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন শাহজাহান গাজী। তাঁকে আটক করতে এর আগেও একাধিকবার অভিযান চালানো হয়। এ সময় পুলিশের ওপর হামলার চেষ্টার অভিযোগও রয়েছে।

চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, শাহজাহান গাজীর মাধ্যমে লক্ষ্মীপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ ও বিক্রি হতো। পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।

শাহজাহান গাজী গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার দাবি তাঁদের।

সম্পর্কিত খবর