
মনিরুল ইসলাম মনির : মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দিন। তিনি বলেছেন, মতলবে মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না। মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে যারা খেলাধুলার আয়োজন ও প্রসারে ভূমিকা রাখবেন, তাদেরও সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।
শনিবার (১৪ নভেম্বর) চাঁদপুরের মতলব উত্তরে মতলব উত্তর স্পোর্টিং ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টিং ক্লাবের যৌথ আয়োজনে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে হবে। যারা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবেন, তাদের উৎসাহিত ও পুরস্কৃত করা হবে। মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, এই মাঠকে একটি অত্যাধুনিক মানের মিনি স্টেডিয়ামে রূপান্তর করা হবে। এখান থেকেই জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে। এ অঞ্চলের তরুণরা খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে। সে লক্ষ্যে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা হবে।
খেলায় পৃষ্ঠপোষকতা করেন বিএনপি নেতা আলমগীর সরকার। ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনুসহ অন্যান্য অতিথি।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহম্মেদ খান। এ সময় মতলব উত্তর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা শামীম খান, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেগা ফাইনালে মুখোমুখি হয় মোল্লা ইমন ফুটবল একাদশ ও কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় মোল্লা ইমন ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে গোলের চেষ্টা চালায়। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোল্লা ইমন ফুটবল একাদশ।



