
স্টাফ রিপোর্টার : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য রোড শো ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। চাঁদপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৪৫ মিনিটে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হবে।
এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে –ডায়াবেটিসে দেরি নয় ব্যবস্থা নিন এখনই’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক ও চাঁদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশ সুপার ও সমিতির সহ-সভাপতি মো. মিজানুর রহমান এবং ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুরের সিভিল সার্জন ও চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ডা. মোহাম্মদ নূর আলম দীন। এছাড়া চাঁদপুর ডায়াবেটিক সমিতি পরিচালনা পর্ষদের সদস্য, দাতা ও আজীবন সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় চিকিৎসকেরা অনুষ্ঠানে অংশ নেবেন।
চাঁদপুর ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শায়ের গফুর এক আমন্ত্রণবার্তায় সংশ্লিষ্ট সবাইকে এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ডায়াবেটিস সম্পর্কে বিশ্বজুড়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়।



