
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেঁরগাঁও ইচুলী এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন দিনমজুর মো. তৌহিদ। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।
জানা গেছে,হামলায় গুরুতর আহত দিনমজুর মো. তৌহিদকে প্রথমে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
মডেল থানার ওসি ফয়েজ আহমেদ হাসপাতালে তাকে দেখতে যান এবং উন্নত চিকিৎসার জন্য আথিক সহযোগিতা করে এম্বুলেন্সে ঢাকা পাঠান । এ ছাড়াও আহত তৌহিদকে হাসপাতালে যান ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাবে চেয়ারম্যান স্বপন মাহমুদ ও বিএনপির সেক্রেটারী কামাল মিজিসহ নেতৃবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় তৌহিদ গুরুতর আহত হন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ভাটেঁরগাঁও ঘটনাস্থল থেকে আটক শাহতলী নিবাসী সজীব গাজী জড়িত নন বলে সংশ্লিষ্ট সূত্র ও এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এ হামলায় সম্পৃক্ততার কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
হামলার ঘটনায় স্থানীয়দের অভিযোগ, শাহমাহমুদপুর এলাকার রানা নামে এক ব্যক্তি, যিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত, হামলার নেতৃত্ব দিয়েছেন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে এলাকায় মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
তৌহিদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদন : এদিকে অসহায় দিনমজুর মো. তৌহিদের চিকিৎসার ব্যয়ভার বহনে সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পরিবার ও স্বজনদের পক্ষ থেকে জানানো হয়েছে, তৌহিদের এই কঠিন সময়ে সবার সামান্য সহযোগিতাও তাঁর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই যে যার সামর্থ্য অনুযায়ী ১০০, ২০০, ৫০০ কিংবা ১ হাজার টাকা দিয়ে তাঁর পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর: 01633-925004
বিকাশ পার্সোনাল। সহযোগিতা পাঠানোর বিষয়ে বিস্তারিত জানতে উল্লিখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।



