মারজুক মুঈদের সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসাইনের একমাত্র সন্তান মারজুক মুঈদ ঐশ্বর্যের সুস্থতা কামনায় শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) শহরের বাইতুল আমিন জামে মসজিদ, বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদ, নিশি রোড জামে মসজিদ এবং কোড়ালিয়া হাওলাদার বাড়ি জামে মসজিদে জুমার নামাজের পর এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বাইতুল আমিন জামে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদের হাফেজ আলমগীর হোসাইন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হযরত মাওলানা বোরহান উদ্দিন সিদ্দিকী।

বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মো. ইউনুস। উল্লেখ্য, মারজুক মুঈদ ঐশ্বর্য তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এ ফাউন্ডেশনের মাধ্যমে তিনি চাঁদপুরে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠী ও নারীদের স্বাবলম্বী করাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

বিশেষ করে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর আয়োজন করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ওই সময় বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর আয়োজন চলাকালে তিনি পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হন।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) থাইল্যান্ডের একটি হাসপাতালে ঐশ্বর্যের স্পাইনাল কর্ডে (মেরুরজ্জু) জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর পিতা আলহাজ্ব মো. মোশারফ হোসাইন।

সম্পর্কিত খবর