
বিগত ৫ই আগষ্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পরের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছু পরিবর্তন সূচিত হয়েছে।হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া, এই দু’টি বিষয় আওয়ামী রাজনীতির প্রধানতম বির্পযয় হিসেবে ধরা যেতে পারে।দীর্ঘ সতের বছর হাসিনা তার দাপুটে শাসন চালিয়েছেন।কিন্তু তার শাসনের পতনের পরে তিনি ভারতে পালিয়ে গেলেন।
কিন্তু কেন পালিয়ে গেলেন ? জানা গেছে এমন পরিস্থিতি বুঝতে পেরে চূড়ান্ত পতনের ঘটনার আগেই হাসিনা তার পরিবারের সবাইকে দেশের বাইরে নিরাপদে সরিয়ে ফেলেছিলেন।এটা যে খুব গোপনীয়তার সাথে করতে পেরেছিলেন এমনটা ধারনা করা খুব যুক্তিযুক্ত নয়।জানা গেছে তার কেবিনেটের মন্ত্রী,বিচার বিভাগের কর্মকর্তা, সচিবালয়ের সচিব ও আমলা,পুলিশ প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের শীর্ষ পযার্য়ের নেতা থেকে শুরু করে জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পযার্য়ে নেতারাও পালিয়ে গেলেন।সাথে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ইমাম-মুয়াজ্জিনও পালালেন।এমন ঐতিহাসিক পলায়নের কান্ড ইতিহাসের পাতায় আরেকটা নেই।এই পলায়নের বিষয়ে হাটে বাজারে চায়ের আড্ডায় রাজনীতির তর্কে-বিতর্কে আরো কতো যে মজার রসাত্মক কথা চালু আছে!
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে-টিকটকে এনিয়ে দারুন সব ক্রিয়েটিভিটি চলছে।আচ্ছা,রাজনীতির বিশ্লেষন না হয় রাজনীতিবিদেরা করবেন। কিন্তু সাধারন মানুষ কেন তাদের এভাবে পালিয়ে যাওয়া নিয়ে খিস্তি-খেউর করে এমনভাবে সরব হলো ? এর ভেতরে আওয়ামী রাজনীতির একগুঁযেমি দৌড়াত্ব,অন্য রাজনৈতিক দলের প্রতি অশালীনতা এবং ক্ষমতার দীর্ঘস্থায়ীত্বের অহংকার বিশেষভাবে প্রভাব ফেলেছে।এই যেমন ধরুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমনকি প্রধান মন্ত্রী থাকাকালীন স্বয়ং শেখ হাসিনাও প্রকাশ্যে মিটিং-মিছিল-জনসভায় খুব বুক চেঁতিয়ে হুঙ্কার দিতেন এই বলে,‘আওয়ামীলীগ পালায় না’।
অথচ সবশেষে আওয়ামীলীগ এমন চরম করুনভাবে পালিয়ে গেলেন ! একবার তো ওবায়দুল কাদের মঞ্চে উঠে ঘোষনা দিলেন,‘স্মার্ট বাংলাদেশ’।ব্যাস্ অমনি পুরো মঞ্চ নিয়ে আনস্মার্টলি ভেঙ্গে পড়লেন ! এনিয়ে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম হা-হা-হি-হি রিয়েক্টে হুলস্থুল হয়ে গেল।আরেকবার ছাত্রলীগের সাদ্দাম তো গানই গাইলো,‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’।আজকে সে নিজেই অদেখায় চলে গেল ! এখন ছেলে-মেয়েরা গলা ছেড়ে ঐ একই গানের সুর ধরেছে-‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’।
সে যাহাই হোক,আমি সেই রসিকতায় যেতে চাইছি না।বরং রসিকতার অন্তরালে রাজনীতির যে সত্যতা লুকিয়ে থাকে সেটা একটু পরখ করতে চাইছি।যদিও জানি কাঠের চশমা পড়া দলকানাদের চোখে সেটা মোটেই দৃষ্টি গোচর হবে না।তবুও একটু বিশ্লেষন করছি।আর সেটা হলো আওয়ামীলীগের রাজনীতিতে বরাবরই এমন কথা আর কাজের অমিল একদম সুস্পষ্ট।সেটা বিগত সতের বছর ধরে ছিল,তার আগেও ছিল,এখনও আওয়ামী রাজনীতির সেই কথা আর কাজের অমিল আছে।এই যে ধরুন অতি সম্প্রতি পলাতক হাসিনা দেশে ফিরে আসা নিয়ে নানান কথা বলে রাজনীতির মাঠ আবার গরম করে তুলতে চাইছে। হাসিনা পালানোর কয়েক মাস পরে সীমানার ওপার থেকে ফোনালাপে আওয়াজ দিয়েছিল তিনি খুব কাছেই আছেন,যেকোন সময়ে টুপ্ করে দেশে ঢুকে পরবেন।কিন্তু সেই টুপ্ করে আর এলেন না।বরং টুপ্ করে চুপ মেরে গেলেন !
এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বেশ কয়েকটি মামলায় তার সাজা হলো।ড. ইউনুস এর ইন্টারিম সরকার ভারতের কাছে হাসিনাকে ফেরৎ চাইলেন।ভারত কোন সাড়াই দিল না।বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে পলাতক হাসিনা ও তার সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রীসহ হাদি হত্যার আসামীদের ফেরৎ চাইলেন।এবারও ভারত সাড়া দিলো না।এখন আবার ডিসেম্বর মাসকে সামনে রেখে হাসিনার আওয়াজ শোনা গেল। এবার জানালেন যেকোন উপায়ে তিনি দেশের ভেতরে ঢুকবেন।এ নিয়ে তার দলের তৃনমূলের কর্মীদের প্রতি জোড়ালো আহবান জানালেন।কর্মীরা বিছিন্নভাবে মাঠে-ঘাটে নামলো।বিক্ষিপ্ত দৌড়-মিছিল করলো। ককটেল ফাটালো।
বাসে আগুন জ্বালালো।হাসিনা এক ভাড়াটে ল’ফার্মের মাধ্যমে বাংলাদেশ সরকারকে মেইল করলো। তারা জানালো হাসিনা দেশে ফিরতে চায়।সেই জন্যে তার জব্দ করা পাসপোর্ট ফেরৎ দিতে হবে,ট্র্যাভেল পাস দিতে হবে।কিন্তু একজন সাজাপ্রাপ্ত আসামীর জব্দ করা পাসপোর্ট ফেরৎ না পাবার আইন তো হাসিনা সরকারই করে রেখেছিলেন।ফলে হাসিনার নিজের করা আইনের কারনেই তিনি পাসপোর্ট ও ট্র্যাভেল পাস পাচ্ছেন না।এটা যে তার নিজের করা আইনী প্রক্রিয়াতেই নিষিদ্ধ সেটা নিশ্চই তিনি এবং তার ল’ফার্ম অবশ্যই জানেন।কিন্তু তবুও কেন চাইলেন ?
একজন সাজা প্রাপ্ত পলাতক আসামী হাসিনাকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে দীর্ঘাদন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে।বানিজ্য ঘাটতি মেটাতে বাংলাদেশ এখন ভারতকে ডিঙ্গিয়ে চিন ও ইওরোপের বিভিন্ন দেশের সাথে চুক্তি করছে। ইতোমধ্যে বাংলাদেশের ভেতরে বিশকোটি মানুষের বাজার ভারতের হাতছাড়া হয়ে যাচ্ছে।বাংলাদেশর উপরে নির্ভরশীল ভারতের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে।ভারতে অর্থনীতি ও মোদি সরকারের রাজনীতিতে এর একটা অনাকাঙ্খিত চাপ পড়েছে।
বাংলাদেশ ও ভারত উভয়ই চাইছে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কটা মেরামত করতে।কিন্তু ভারতের মাটিতে আশ্রয় পাওয়া পলাতক হাসিনা এই সম্পর্ক উন্নয়নে একমাত্র বাঁধা হয়ে দাঁড়িয়েছে।ভারতের সাধারন জনগন এখন আর হাসিনা জন্য নিজেদের স্বার্থ সেক্রিফাইস করতে চাইছে না।মোদি সরকারও আর হাসিনা ইস্যু ধরে রেখে বাংলাদেশের বিশকোটি মানুষের বাজার ছেড়ে দিয়ে তার চির শত্রু চিনের হাতে তুলে দিতে চাইছে না।এই পযার্য়ে এসে ভারতের জনগন,ব্যবসায়ী ও সরকারের উদ্দেশ্যগত ঐক্য তৈরী হয়েছে।মোট কথা এখন ভারত আর হাসিনাকে অতিথির আসনে আশ্রয় দিতে পারছে না।কিন্তু বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারও হাসিনার পাসপোর্ট ও ট্র্যাভেল পাস দিতে পারছে না।তাহলে এখন কি হতে পারে সেটাই দেখার বিষয়। ভারত কি হাসিনাকে বাংলাদেশ সরকারের আইনের হাতে তুলে দিবে ? ভারত কি হাসিনাকে আরো দীর্ঘকালের জন্য অতিথি হিসেবে আশ্রয় দিয়ে তার নিজের দেশের অর্থনীতির এতোবড় ক্ষতি স্বীকার করে নিবে ?
মোদি সরকার কি হাসিনার জন্য নিজের রাজনৈতিক বির্পযয়ের পথ বেছে নেবে ? নাকি ভারত তথা মোদি সরকার হাসিনাকে নিয়ে নিজের কলঙ্ক মুছতে অন্য কোন পথ খুঁজছে।আর সেটা হতে পারে হাসিনাকে অন্য কোন দেশে পাঠানোর ব্যবস্থা করা।সেক্ষেত্রে বাংলাদেশ যদি হাসিনার পাসপোর্ট ও ট্র্যাভেল পাস না দেয় হাসিনা বিনা পাসপোর্টে অন্য কোন দেশে কি করে পাড়ি দিবে।
এই সংকটের মিমাংসা খুঁজতে ভারত সরকার কি শেষ র্পযন্ত হাসিনাকে ভারতীয় নাগরিকত্ব দিতে পারে ? যদি তেমনই হয় তাহলে ভারত সরকার হাসিনাকে বাংলাদেশে ফেরৎ না দিয়েও ভারতের বাইরে অন্যকোন দেশে যাওয়ার সুযোগ করে দিতে পারে। আর এভাবেই ভারত হাসিনাকে আশ্রয় দেয়া থেকে দায়মুক্তি নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য উপযুক্ত পরিবেশ তৈরী করে নিতে পারে।তবে সে ক্ষেত্রে ভারতে আশ্রয় নেয়া অন্যান্য আওয়ামী নেতৃবুন্দের কপালে কি ঘটবে।ভারত তাদেরকে পুশকে না পুশব্যাক করে বাংলাদেশের আইনের হাতে তুলে দিতে সহায়তা করবে,সেটাই দেখার বিষয়।



