ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের ৬৭ সদস্যের একাডেমিক প্রতিনিধি দলের সফর

চাঁদপুর খবর রিপোর্ট: উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, অ্যাক্রেডিটেশন এবং ফলাফলভিত্তিক শিক্ষা (ওবিই) কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ৬৭ সদস্যের একটি একাডেমিক প্রতিনিধি দল সফর করেছে।

গত ১১ নভেম্বর ড্যাফোডিল স্মার্ট সিটিতে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের অধীনে পরিচালিত ‘জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর আওতায় এ প্রাতিষ্ঠানিক পরিদর্শন অনুষ্ঠিত হয়। ডিআইইউর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এ আয়োজন করে। প্রতিনিধি দলে দেশের ২৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬১ জন জুনিয়র শিক্ষক, চারজন নির্দেশক শিক্ষক এবং দুজন সহায়তাকারী কর্মী অংশ নেন।

‘উচ্চশিক্ষায় গুণগত সংস্কৃতির জোরদারকরণ: ডিআইইউতে আইকিউএসি কার্যক্রম, ফলাফলভিত্তিক শিক্ষা এবং অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি’ শীর্ষক এ কর্মসূচির আনুষ্ঠানিক অধিবেশন ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারে অবস্থিত প্রফেসর ড. আমিনুল ইসলাম সেমিনার হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআইইউর আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. মো. মাহবুবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কার্যক্রম, গুণগত নিশ্চয়তা ব্যবস্থা এবং একাডেমিক উৎকর্ষ অর্জনে গৃহীত বিভিন্ন উদ্যোগের ওপর বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল।

উপস্থাপনায় তিনি ক্রমাগত গুণগত মান উন্নয়ন, ফলাফলভিত্তিক শিক্ষা (ওবিই), একাডেমিক কর্মসূচির পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং শিক্ষাদান ও শেখার কার্যক্রমের মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরাও নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুস সালাম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শামীম হাসান ও ড. শাহরিয়ার হাসানসহ অন্যান্য প্রতিনিধিরা। তাঁরা উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ এবং মানসম্মত শিক্ষা সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, উচ্চশিক্ষায় প্রাতিষ্ঠানিক গুণগত মানের সংস্কৃতি জোরদার এবং ফলাফলভিত্তিক শিক্ষার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উচ্চশিক্ষার মান ও বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

এ সময় কৃষিবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম. এ. রহিম এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি জ্ঞান বিনিময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। আনুষ্ঠানিক আলোচনা শেষে অংশগ্রহণকারীরা মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন। পরে তাঁরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন একাডেমিক ও অবকাঠামোগত সুবিধা পরিদর্শন করেন।

আয়োজকরা জানান, এ সফরের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, গুণগত নিশ্চয়তা কার্যক্রমের প্রসার এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশের উচ্চশিক্ষা খাতের সামগ্রিক উন্নয়ন ও রূপান্তরে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর