
স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী এস এম বাকের খন্দকারের গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় তিনি মা-বাবা ও হযরত শাহ্ মাহমুদ বাগদাদী (রা.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে এস এম বাকের খন্দকার স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় এলাকার সাধারণ ভোটারদের অনেকেই তাঁর সঙ্গে কথা বলেন এবং তাঁকে স্বাগত জানান। স্থানীয় কয়েকজন ভোটার আসন্ন নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হলে তাঁকে ভোট দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর সঙ্গে বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন। স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাঁদের কথা শোনা এবং এলাকার মানুষের প্রত্যাশা জানার মধ্য দিয়ে নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি। গণসংযোগকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বেশ প্রাণচাঞ্চল্য দেখা যায়।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু ও মোশারফ কারী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান খান, সাবেক আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুমিন গাজী, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নুরু গাজী, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক শান্ত গাজী, ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সরদার এবং শাহতলী কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি মোঃ জিসানসহ স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, এস এম বাকের খন্দকার চাঁদপুর জেলা বিএনপির সদস্য, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির দুইবারের সাবেক সভাপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এই গণসংযোগকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।



