শাহরাস্তিতে দুই মাছ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা

শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগে দুই মাছ বিক্রেতাকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার কালীবাড়ি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওই বাজারের মাছ ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫)। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুজন নিজেদের দোষ স্বীকার করেন।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর