
স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন।
এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে ইউনিয়নব্যাপী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে এলাকার সুধীজন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের মনিহার এলাকা থেকে বিশাল মোটরসাইকেল বহরসহ গণসংযোগ শুরু করেন আবু হানিফ কাকন।
গণসংযোগ ও পথসভাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় ‘কাকন ভাই, কাকন ভাই’সহ বিভিন্ন উন্নয়নমূলক স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। গণসংযোগকালে আবু হানিফ কাকন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের দোয়া কামনা করেন। এ সময় তিনি ইউনিয়নের উত্তর কামরাঙ্গা, কামরাঙ্গা বাজার, বদরখোলা, ছোটসুন্দর বাজার, আলগী পোলের গোড়া, পাকিস্তান, দক্ষিণ আলগী ও বড়সুন্দরসহ বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয়দের খোঁজখবর নেন।
এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় ইউনিয়ন পরিষদের সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে নিজের প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগের অংশ হিসেবে পাকিস্তান বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে আবু হানিফ কাকন বলেন, ‘আমি দল থেকে মনোনয়ন পেলে এবং আপনাদের দোয়ায় নির্বাচিত হলে সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন। আমি আপনাদের সঙ্গে আছি, থাকব। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে কাজ করব, ইনশাআল্লাহ। একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।’ এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



