মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে চার দিনব্যাপী কাব ক্যাম্পুরী শুরু

বিশেষ প্রতিনিধি: ‘কাবিং করব, সুন্দর জীবন গড়ব’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শুরু হয়েছে চার দিনব্যাপী ৫ম কাব ক্যাম্পুরী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।

এ ক্যাম্পুরীতে উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০টি দলের মোট ২৮০ জন কাব সদস্য অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কাউট কমিশনার মো. শাহজাহান সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনিছুর রহমান।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, কাব স্কাউটিং শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুরা হাতে-কলমে শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে।উপজেলা কাব লিডার শাহ আলমের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পুরীর প্রোগ্রাম চিফ হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত খবর