চাঁদপুরের ৮ উপজেলা ও পৌরসভা জামায়াতের নতুন আমির ঘোষণা

স্টাফ রিপোর্টার : আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও ৬টি পৌরসভাসহ মোট ১৪টি সাংগঠনিক শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করা হয়েছে।

এতে একটি পৌরসভা ও একটি উপজেলার আমির পদে পরিবর্তন এসেছে। এছাড়া একটি পৌরসভায় নতুন করে কমিটি গঠন করা হয়েছে। বাকি শাখাগুলোতে আগের দায়িত্বশীলরাই পুনর্নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। এর আগে দলের রুকনদের (সদস্য) গোপন ব্যালটে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের নির্বাচন বিভাগের প্রধান অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম বুলবুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার মজলিশে শুরা সদস্য নির্বাচনের জন্য গত ৮ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত রুকন সম্মেলনে সারা জেলায় গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

চাঁদপুর জেলা জামায়াতের নির্বাচন বিভাগের প্রধান অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নির্বাচন কমিশনের টিম এ ভোটগ্রহণ পরিচালনা করে। এছাড়া প্রতিটি পৌরসভা ও উপজেলার নির্বাচনের জন্য আলাদা প্রিসাইডিং অফিসার নিয়োগ দেয় জেলা নির্বাচন কমিশন।

সংশ্লিষ্ট শাখায় রুকন সম্মেলনের মাধ্যমে ভোটগ্রহণ শেষে নির্বাচিতদের নাম প্রকাশ করেন জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। উপজেলা ও পৌরসভায় নির্বাচিত আমিররা হলেন: চাঁদপুর পৌরসভায় অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সদর উপজেলায় মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলায় মাওলানা ইউনুছ হেলাল, ফরিদগঞ্জ পৌরসভায় মাওলানা মিজানুর রহমান, হাজীগঞ্জ উপজেলায় বি.এম. কলিম উল্লাহ, হাজীগঞ্জ পৌরসভায় মাওলানা আবুল হাসানাত, শাহরাস্তি উপজেলায় মো. মোস্তফা কামাল, শাহরাস্তি পৌরসভায় হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, কচুয়া উপজেলায় অ্যাডভোকেট আবু তাহের মেছবাহ,

কচুয়া পৌরসভায় মাওলানা আব্দুছ সামাদ আজাদী, মতলব উত্তর উপজেলায় অধ্যাপক আবুল বাশার দেওয়ান, ছেংগারচর পৌরসভায় এ.এইচ.এম. রবিউল আলম, মতলব দক্ষিণ উপজেলায় মাওলানা ওমর ফারুক ভূঁইয়া, মতলব পৌরসভায় মো. জসিম উদ্দিন প্রধানীয়া এবং হাইমচর উপজেলায় মাওলানা আবুল হোসাইন। জেলা জামায়াতের নির্বাচন বিভাগের প্রধান অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম বুলবুল জানান, আগামী মেয়াদের নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলা আমির পদে পরিবর্তন এসেছে।

এছাড়া কচুয়া পৌরসভার নতুন আমির নির্বাচিত হয়েছেন। ছেংগারচর পৌরসভায় নতুন করে কমিটি গঠন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নবনির্বাচিত আমিরদের মধ্যে তরুণ ও প্রবীণ দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন। অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম বুলবুল আরও জানান, নবনির্বাচিত আমিরদের শপথ অনুষ্ঠান শুক্রবার জেলা মজলিশে শুরার বৈঠকে অনুষ্ঠিত হবে। জামায়াত আমিরের প্রতিনিধি হিসেবে জেলা আমির শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।

সম্পর্কিত খবর