
মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে কিশোরীবান্ধব স্বাস্থ্য সচেতনতাবিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর (বৃহস্পতিবার) দুই নারী চিকিৎসকের মাধ্যমে বিদ্যালয়ের শতাধিক কিশোরী শিক্ষার্থীকে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শারীরিক পরিবর্তন এবং এ সময়ে করণীয় বিষয়ে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়।
চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডা. আবু সাইদের সার্বিক ব্যবস্থাপনায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, স্বাস্থ্য সুরক্ষা এবং এ সময়ে করণীয় বিষয়ে পরামর্শ দেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রীমা আক্তার ও ছেংগারচর মেডিফাস্ট মেডিকেল সার্ভিসেসের মেডিকেল অফিসার ডা. ইভা আক্তার। কিশোরীদের সঙ্গে চিকিৎসকদের পরামর্শ সভা শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিনের সভাপতিত্বে এবং অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপক ডা. আবু সাইদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহসীন সরকার। এ সময় বক্তব্য দেন ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমেদ হোসেন মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল এহসান বাবু ও ইয়াছিন হাওলাদার, সমাজসেবক মাসুদুর রহমান এবং ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূরে আলম অপুসহ অন্যরা।
বক্তারা বলেন, গ্রামাঞ্চলের অনেক কিশোরী বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শারীরিক পরিবর্তন ও স্বাস্থ্যগত নানা বিষয় নিয়ে লজ্জা, সংকোচ ও দ্বিধার কারণে কারও সঙ্গে পরামর্শ করতে পারে না।
ফলে অনেক সময় তারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও সঠিক দিকনির্দেশনা থেকে বঞ্চিত হয়। চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের মতো গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানে নারী চিকিৎসকদের মাধ্যমে শতাধিক কিশোরীকে এ বিষয়ে সচেতন করার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা আরও বলেন, কিশোর-কিশোরীদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি কৈশোরকালীন মানসিক বিকাশ নিশ্চিত করা একটি সুস্থ ও সচেতন জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। শুধু সরকারের একার পক্ষে এ সেবা নিশ্চিত করা সম্ভব নয়।
এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসক ও সমাজের সচেতন ব্যক্তিদের সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।



