
স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলাল আলম (৬৫) হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের ছেলে তানভীর আলম তামিম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় এ মামলাটি করেন। এদিকে হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ আমেনা বেগম ও জাকির কসাই নামের দুজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য এবং বেশ কিছু আলামত পাওয়ার পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পরবর্তীতে পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে জেলাব্যাপী ধরপাকড়ের ভয়ে দুলাল আলম নিজ বাড়ি ছেড়ে পাশের লাল মিয়া সর্দার বাড়িতে গিয়ে ঘুমাচ্ছিলেন। ঘটনার দিন গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাতে স্ত্রীর সঙ্গে কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে ওই বাড়ির পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ সময় নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ ও স্থানীয়রা। জাকির ও আমেনা দুজনেই ওই লাল মিয়া সর্দার বাড়ির বাসিন্দা।
নিহত দুলাল আলম হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া ওড়পুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) ময়নাতদন্ত শেষে দুই দফা জানাজা সম্পন্ন করে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মামলার বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া জানান, আমেনা ও জাকিরকে আটক করে আদালতে সোপর্দ করা
হয়েছিল এবং তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। এছাড়া মামলার অধিকতর তদন্ত ও জড়িত বাকিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, “শুরু থেকেই আমি বলে আসছি যে, দুলাল আলমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক তদন্তপূর্বক বিচার দাবি করছি।”



