শিক্ষার্থীরাই আগামী দিনে সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : কবির হোসেন সরদার

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চাঁদপুর জেলায় ৩য় স্থান অর্জন করায় এ প্লাস প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১১নভেম্বর ২০২৬ (বুধবার) দুপুর ১২টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার বলেন, জিলানী চিশতী কলেজ আজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি পুরো চাঁদপুর জেলার একটি আলোকবর্তিকা। কুমিল্লা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় চাঁদপুর জেলায় ৩য় স্থান অর্জন করে যে গৌরব অর্জন করেছে, সেজন্য আমি জিলানী চিশতী কলেজ পরিবারকে অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, শিক্ষার্থীদের এই কৃতিত্বের পেছনে পর্দার আড়ালের কাণ্ডারি হলেন তাদের অভিভাবক এবং শিক্ষক মণ্ডলী। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, সঠিক নির্দেশনা এবং বাবা-মায়ের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসা ছাড়া এই অর্জন সম্ভব হতো না।শিক্ষার মূল লক্ষ্য মনুষ্যত্বের বিকাশ ও আল্লাহর সন্তুষ্টি অর্জন।

তিনি বলেন, শিক্ষা, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপরই নির্ভর করে একটি দেশ ও জাতির ভবিষ্যৎ। শিক্ষকরাই হলেন জাতি গড়ার কারিগর, আর শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তোমরাই আগামী দিনে এ দেশকে জ্ঞান, মেধা, মনন ও সৃজনশীলতার আলোয় ফুলে-ফলে সমৃদ্ধ ও সুশোভিত করবে।

তিনি আরো বলেন, শাহতলী জিলানী চিশতী কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান, যার সঙ্গে ধর্মীয় ভাবগাম্ভীর্য, নৈতিকতা ও মূল্যবোধের গভীর সম্পর্ক রয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং জ্ঞান, মনুষ্যত্ব, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

প্রধান অতিথি বলেন, পড়ালেখার মূল উদ্দেশ্য শুধু সার্টিফিকেট অর্জন কিংবা চাকরি পাওয়া নয়; বরং মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটানো, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জ্ঞান অনুসন্ধান করা এবং তাঁর সৃষ্টিজগতকে চেনা ও উপলব্ধি করা। প্রকৃত জ্ঞান অর্জন ও মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারলে শিক্ষার্থীরা শুধু নিজেদের জীবনকেই ধন্য করবে না বরং পরিবার ও সমাজকেও আলোকিত করবে। তোমরাই আগামী দিনে সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ জন্য শিক্ষার্থীদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং তাঁদের দেওয়া দিকনির্দেশনা মেনে চলতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ নিজেদের জীবনে ধারণ করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে এবং আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদেরও সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের অনুষ্ঠানের সভাপতি অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী একজন শিক্ষাবান্ধব ব্যক্তি। ওনার দিক-নির্দেশনা ও শিক্ষকদের প্রচেষ্টায় আজকের এই ফলাফল।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, জিলানী চিশতী কলেজ আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী ১৯৭০ সালে প্রতিষ্ঠা করেন। সাবেক প্রধানমন্ত্রী মো: মিজানুর রহমান চৌধুরী দুই পীরের নামের সঙ্গে সম্পৃক্ততা রেখে কলেজটির নামকরণ করেন। আমার দাদা এ অঞ্চল সহ সারা দেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি এ এলাকাসহ সারাদেশে শিক্ষার আলো ছড়িয়েছেন।

তিনি বলেন, চাঁদপুর জেলায় তৃতীয় স্থান অর্জনকারী জিলানী চিশতী কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই অর্জন আপনাদের নিরলস প্রচেষ্টা, ত্যাগ, আন্তরিকতা ও অধ্যবসায়ের সম্মিলিত ফসল। এ প্রতিষ্ঠানের শিক্ষার মান ও ফলাফল বরাবরই সন্তোষজনক। বিশেষ করে এ বছর সারা দেশে এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয়ের চিত্র দেখা গেলেও জিলানী চিশতী কলেজ অত্যন্ত ভালো ফলাফল অর্জন করেছে। তোমাদের এই সাফল্যে আমি গর্ববোধ করি। এ সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলে এ কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় বিশেষ করে নারী শিক্ষার্থীরা ঘরের কাছেই উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। নারী শিক্ষার প্রসার ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কলেজের অধ্যক্ষ অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রতিষ্ঠানের এ অগ্রযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ কলেজটি শিক্ষা বিস্তার, বিশেষ করে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

প্রধান অতিথির প্রসঙ্গে তিনি বলেন, আজকের প্রধান অতিথি একজন দক্ষ, জনবান্ধব ও শিক্ষা-সাংবাদিক বান্ধব ব্যক্তিত্ব। তাঁর কর্মদক্ষতা, আন্তরিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়। আমি আশাবাদী, অদূর ভবিষ্যতে তিনি আরও উচ্চপদে আসীন হয়ে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এ প্রতিষ্ঠানের প্রতিও তাঁর আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব রয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে। জ্ঞান, মেধা ও যোগ্যতা দিয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে। জিলানী চিশতী কলেজের সুনাম ও সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান।

কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি।
২০২৬এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ায় অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী রুপা রানী দাশ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজের সহকারি অধ্যাপক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, মাও. ছোহাইল আহমাদ, ফারজানা আক্তার, মো: জিয়াউর রহমান, মো. হাবিবুর রহামন, সিনিয়র প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মো: শাহাদাত হোসেন, প্রভাষক মোসা মনোয়ারা বেগম, প্রভাষক মনোয়ারা আক্তার, প্রভাষক সুমা রানী পাল, প্রভাষক মনোয়ারা আক্তার, প্রভাষক হাবিবা আক্তার রানী, সহকারি শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, হিসাব সহকারি মো: মেহেদী হাসান সহ অন্যান্যরা।

শুরুতে প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদারকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। পরে কলেজের পক্ষ থেকে কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে ২০২৬সালের এইচএসসি পরীক্ষায় জিলানী চিশতী কলেজ চাঁদপুর জেলায় তৃতীয়স্থান অর্জন করায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসানকে শিক্ষক সম্মান্ননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: কবির হোসেন সরদার ও কলেজে গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। পরে শিক্ষকবৃন্দগণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে ২০২৬সালের এইচএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী রুপা রানী দাসকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা’র অধীন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজে ২০২৬ইং সালের এইচএসসি পরীক্ষার ফলাফল সাফল্যজনক ও চাঁদপুর জেলায় ৩য় স্থান অধিকার করেছে। এ বছর কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষায় মোট ৫৯জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪৫জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৭৬.২৭ ভাগ।

এর মধ্যে জিপিএ-৫ (এ+) পেয়েছে-১জন, এ গ্রেড পেয়েছে-৮জন, এ- গ্রেড পেয়েছে-৯জন, বি গ্রেড, পেয়েছে-১৪জন, সি গ্রেড পেয়েছে-১১জন, ডি গ্রেড পেয়েছে-২জন।

সম্পর্কিত খবর