চাঁদপুরে যত্রতত্র পোস্টার সাঁটানোয় লোটো’কে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের নান্দনিকতা রক্ষা ও পরিবেশদূষণ রোধে অবৈধ দেয়াল লিখন এবং যব্রতত্র পোস্টার সাঁটানোর বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে চাঁদপুর জেলা প্রশাসন।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে নিয়মবহির্ভূতভাবে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে আন্তর্জাতিক ব্র্যান্ড ‘লোটো’র চাঁদপুর শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ লঙ্ঘনের দায়ে উক্ত শোরুমকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুর শহরের সৌন্দর্য বজায় রাখতে নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি বা বেসরকারি যে কোনো অনুমোদনহীন দেয়াল, বৈদ্যুতিক খুঁটি কিংবা পাবলিক স্পেসে যত্রতত্র পোস্টার সাঁটানো আইনত দণ্ডনীয় অপরাধ।

জেলা প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজনৈতিক প্রচার-প্রচারণা, ব্যবসায়িক বিজ্ঞাপন কিংবা সামাজিক ধর্মীয় অনুষ্ঠানসহ যে কোনো ধরনের অবৈধ পোস্টার লাগানো বন্ধে এই আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে। চাঁদপুরকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে যত্রতত্র পোস্টার সাঁটানো থেকে বিরত থাকতে সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছে জেলা প্রশাসন।

সম্পর্কিত খবর