চাঁদপুর সদরে চারটি মাদ্রাসা পরিদর্শণে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার চারটি মাদ্রাসা পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। গত ৮ও ৯ নভেম্বর ২০২৬ তারিখে তিনি পর্যায়ক্রমে বাগাদী আহমাদিয়া ফাজিল মাদ্রাসা, গাজীপুর (হরিপুর) নেছারিয়া ফাজিল মাদ্রাসা, হোসাইনপুর আলিম মাদ্রাসা ও বালিয়া কাজিরবাজার দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন এবং বিভিন্ন শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল এবং ২০২৭ সালের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়। ফলাফলের মানোন্নয়নে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা, শিক্ষকদের তত্ত্বাবধান এবং কার্যকর পাঠদান কৌশল নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে জেলা শিক্ষা অফিসার বলেন, কোনো বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়া যাবে না। এছাড়া শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ আয়োজন এবং দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে বিশেষ যত্ন নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি এসএসসি পরীক্ষার ফলাফল আরও উন্নত করতে শিক্ষার্থীদেরকে শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে নিয়মিত তদারকি এবং প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা করার নির্দেশ দেন তিনি।

মাদ্রাসার পাঠাগার পরিদর্শন করে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পাঠাগারের ব্যবহার বাড়ানোর তাগিদ দেন তিনি। একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষণ কার্যক্রম জোরদারের বিষয়েও বিশেষ নির্দেশনা দেন জেলা শিক্ষা অফিসার। এ লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬, ‘নতুন কুঁড়ি প্রতিযোগিতার প্রস্তুতি এবং নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের তাগিদ দেন তিনি।

এছাড়া প্রতিবছর মাদ্রাসার নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞান মেলা আয়োজন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন। শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, বাল্যবিবাহ, মাদক এবং ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ও অপব্যবহার রোধে নিয়মিত কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করা হয়।

সার্বিক বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, শিক্ষার গুণগত মান ও পরীক্ষার ফলাফল উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। নিয়মিত পাঠদান দুর্বল শিক্ষার্থীদের বিশেষ পরিচর্ষা, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং সহশিক্ষা কার্যক্রমের সঠিক সমন্বয়ের মাধ্যমেই শিক্ষার্থীদের কার্ডিফত সাফল্য অর্জন সম্ভব।” পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানগুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও ফলাফল উন্নয়নে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সম্পর্কিত খবর