বিষ্ণুপুরে চেয়ারম্যান পদে জনসম্পৃক্ততায় এগিয়ে এনাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছেন ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান গোলাম ইয়াজদানী (এনাম) চৌধুরী।

পারিবারিক জনসেবার ঐতিহ্য, ছাত্ররাজনীতির অভিজ্ঞতা, স্থানীয় মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং সাম্প্রতিক সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি ইউনিয়নবাসীর কাছে নিজের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন।

ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এনাম চৌধুরী একসময় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে গড়ে উঠেছে তাঁর নিবিড় সম্পর্ক। কর্মজীবনের প্রয়োজনে দীর্ঘ সময় রাজধানীতে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেননি। সুযোগ পেলেই ছুটে এসেছেন জন্মভূমিতে, খোঁজ নিয়েছেন পরিচিতজন ও এলাকার মানুষের।

এনাম চৌধুরীর পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের নাম। স্থানীয়ভাবে সুপরিচিত এই পরিবার দীর্ঘদিন ধরে শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। এলাকার মানুষের শিক্ষার সুযোগ সম্প্রসারণে পরিবারটির উদ্যোগে গড়ে উঠেছে স্কুল, মাদ্রাসা ও মক্তব।

শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে রয়েছে তাদের অবদান। সেই পারিবারিক ঐতিহ্যকে ধারণ করেই মানুষের পাশে দাঁড়াতে চান এনাম চৌধুরী। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। শুনেছেন মানুষের অভাব-অভিযোগ, প্রত্যাশা ও এলাকার সমস্যা-সংকটের কথা। একই সঙ্গে তুলে ধরেছেন ইউনিয়নের উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনা ও ভাবনার কথা।

এসব মতবিনিময়ে স্থানীয় ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন তাঁর সমর্থকেরা। স্থানীয় কয়েকজন বাসিন্দার মতে, চৌধুরী পরিবারের জনসেবার ঐতিহ্য নিয়ে এনাম চৌধুরীর নির্বাচনী মাঠে আসা ইতিবাচক বিষয়। তাঁদের প্রত্যাশা, জনপ্রতিনিধি নির্বাচিত হলে তিনি কেবল নির্বাচনের সময় নয়, বরং পুরো মেয়াদেই মানুষের পাশে থাকবেন।

বিশেষ করে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কৃষি, মৎস্য খাতের সমস্যা সমাধান এবং সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবেন। এনাম চৌধুরীর সাম্প্রতিক সামাজিক কর্মকাণ্ডের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণের উদ্যোগটি বিশেষভাবে আলোচিত হচ্ছে। চলতি বছর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ১০ হাজার গাছের চারা বিতরণ করেছেন তিনি। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এবং পরিবেশবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে উৎসাহিত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নেও এ উদ্যোগকে সহায়ক হিসেবে দেখছেন তিনি।

মেঘনা ও ধনাগোদা নদীবেষ্টিত বিষ্ণুপুর ইউনিয়নের অধিকাংশ মানুষের জীবিকা কৃষি ও মৎস্য আহরণের ওপর নির্ভরশীল। ফলে কৃষক, জেলে, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ইউনিয়নটির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এসব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলে তাঁদের সমস্যা ও প্রত্যাশা জানার চেষ্টা করছেন এনাম চৌধুরী। বিশেষ করে সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করছেন এলাকার মানুষ। জনমতেও উঠে আসছে ইতিবাচক প্রত্যাশা: এনাম চৌধুরী চেয়ারম্যান প্রার্থী হিসেবে কতটা আলোচনায় রয়েছেন, তা জানতে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে কথা হয় নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে। মনোহরখাদি গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, এনাম চৌধুরী ব্যক্তি হিসেবে খুবই মার্জিত ও অমায়িক। তিনি আমার গ্রামের সন্তান। আমরা চাই, তিনি জনসেবায় এগিয়ে আসুন। একজন সৎ মানুষ নির্বাচিত হলে সবার জন্যই মঙ্গল হবে। কৃষক হিসেবে আমাদের প্রত্যাশা, সরকারি সুযোগ-সুবিধাগুলো যেন আমরা যথাযথভাবে পাই।

ধনপর্দ্দি গ্রামের বাসিন্দা এমরান হোসেন বলেন, যাঁরা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন, তাঁদের মধ্যে এনাম চৌধুরীকে আমার কাছে যোগ্য মনে হয়েছে। তিনি শিক্ষিত এবং একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। এলাকার উন্নয়নে এমন যোগ্য ও আগ্রহী মানুষের এগিয়ে আসা প্রয়োজন। লালপুর এলাকার জেলে আব্দুর রহমান বলেন, এনাম চৌধুরীর নাম আগে শুনেছি। সম্প্রতি মানুষের সঙ্গে দেখা-সাক্ষাতের মাধ্যমে তাঁকে আরও কাছ থেকে জানার সুযোগ হয়েছে।

আমরা দিনমজুর ও জেলে সম্প্রদায়ের মানুষ। আমাদের ন্যায্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারেন, এমন একজন জনপ্রতিনিধি চাই। তিনি নির্বাচিত হলে জেলেদের প্রাপ্য সুযোগ-সুবিধা যথাযথভাবে আদায় করে মানুষের কাছে পৌঁছে দেবেন—এমন প্রত্যাশা করি।

খেরুদিয়া এলাকার স্কুলশিক্ষার্থী শাওন ও মনির হোসেন জানায়, এ বছর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এনাম চৌধুরীর গাছের চারা বিতরণের উদ্যোগ তাদের ভালো লেগেছে।

তাদের প্রত্যাশা, তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার শিক্ষার উন্নয়নেও ভূমিকা রাখবেন। সব মিলিয়ে বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ ঘিরে এনাম চৌধুরীর তৎপরতা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ড ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ—এই বিষয়গুলোকে সামনে রেখে তিনি এগোতে চাইছেন।

আপাতত মানুষের সঙ্গে সম্পর্ক জোরদার এবং ইউনিয়নের উন্নয়ন ভাবনা তুলে ধরেই নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

সম্পর্কিত খবর