
স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস না করায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চাঁদপুরের দুটি কলেজের অধ্যক্ষকে তলব করেছে।
একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে কেন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দিয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। তলব করা প্রতিষ্ঠান দুটি হলো চাঁদপুর শহীদ পৌর জাবেদ স্কুল অ্যান্ড কলেজ এবং মতলব দক্ষিণ উপজেলার আড়ং বাজার ডক্টর এন্ড শামসুল হক মডেল কলেজ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের সভাকক্ষে প্রতিষ্ঠান দুটির অধ্যক্ষকে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটির অধ্যক্ষকে বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।
পাশাপাশি নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে শূন্য পাসের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শূন্য পাসের কারণ, একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, ২০২৬ সালের প্রকাশিত এইচএসসি পরীক্ষায় যেসব প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, সেসব প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে কেন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে হবে অধ্যক্ষদের। তাঁদের বক্তব্য শোনার পর শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



