
মো. শামছুদ্দোহা সেলিম, হাইমচর সংবাদদাতা : চাঁদপুরের হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মো. মনির ঢালী (৪২) নামে এক ব্যক্তিকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলার গাজীপুর ইউনিয়নের মনিপুর এলাকায় মাদক সেবনের উদ্দেশ্যে মাদকদ্রব্য সংরক্ষণের বিষয়টি স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাঁকে এ দণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



