৫ নভেম্বর চাঁদপুর প্রেস ক্লাবে সাংবাদিক ও পরিবারবর্গের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য আগামী ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ৯টায় মেডিকেল ক্যাম্প উদ্বোধন হবে। দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসা, চক্ষু পরীক্ষা ও সাধারণ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল সাড়ে ৯টায় চাঁদপুর প্রেস ক্লাব ভবনের নিচতলার কমিউনিটি সেন্টারে দ্বিতীয়বারের মতো এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করা হবে। এতে চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য, তাঁদের পরিবারের সদস্য এবং মাঠপর্যায়ের পেশাগত সাংবাদিকরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ক্যাম্পে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল এবং মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিম চিকিৎসাসেবা প্রদান করবেন।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল টিম:
এ হাসপাতালের মেডিকেল টিমে থাকবেন মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল, সার্জারি বিভাগের ডা. নূরে আলম মজুমদার, চর্মরোগ বিভাগের ডা. আবদুল্লাহ আল মামুন, মেডিসিন বিভাগের ডা. মো. বরকত উল্লাহ এবং গাইনি বিভাগের ডা. নাজমুন নাহার। তাঁদের সঙ্গে থাকবেন প্যাথলজিস্ট মো. সিরাজ, দুজন নার্স ও তিনজন সহকারী। এ টিমের মাধ্যমে সাধারণ স্বাস্থ্যসেবা, রক্তচাপ পরিমাপ ও রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা থাকবে।

চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল টিম:
এ টিমে থাকবেন মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের জেলানী মুন্সী, জনসংযোগ কর্মকর্তা নাসিমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স রাসিদা আক্তার, প্রধান সহকারী জসিম উদ্দিন এবং এমএলএসএস রাসেল ইসলাম। এ টিমের মাধ্যমে ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হবে।

মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল টিম:
চক্ষু চিকিৎসাসেবা প্রদান করবেন চক্ষু চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান। তাঁর সঙ্গে থাকবেন রিফ্রেকশন ইউনিট ইনচার্জ মো. নাসির আহম্মেদ, সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মো. আবু জাফর এবং প্রোগ্রাম অফিসার মো. আলকমিন ও উম্মে।

সংশ্লিষ্ট হাসপাতালগুলোর চিকিৎসক ও অভিজ্ঞ মেডিকেল টিমের মাধ্যমে ক্যাম্পে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হবে।

এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে অংশগ্রহণ করে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল সদস্য, সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে প্রয়োজনে প্রেস ক্লাব সভাপতির সঙ্গে মোবাইল ও হোয়াটসঅ্যাপে (০১৭১১০১৩৪৪৪) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী সদস্য, সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের নাম এবং মোট সংখ্যা আগাম প্রেস ক্লাবের অফিস ইনচার্জ কাম ম্যানেজার মো. মাসুদ দেওয়ানের কাছে মৌখিকভাবে তালিকাভুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সম্পর্কিত খবর