
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের হেফাজত থেকে তিনটি রামদা, তালা কাটার যন্ত্র, চারটি লোহার রড ও চারটি কালো কাপড়ের মাঙ্কি ক্যাপ (স্কি মাস্ক) উদ্ধার করা হয়।
২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে চাঁদপুর জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার নেতৃত্বে ১ নভেম্বর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মতলব উত্তর থানাধীন গাজীরগাছখলা গ্রামের সাইফুল ইসলাম মোল্লার বাড়ির সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—কুমিল্লা জেলার দাউদকান্দি থানার পিপিয়াকান্দি গ্রামের মৃত ছামির হোসেন ও মৃত আম্বিয়া খাতুনের ছেলে মহসিন (৩৯) এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বাঘমারা গ্রামের শাহজাহানের ছেলে মো. সোহেল (২৮)।
পুলিশ আরও জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে কাঠের বাটযুক্ত তিনটি রামদা, একটি তালা কাটার যন্ত্র, চারটি লোহার রড এবং চারটি কালো কাপড়ের মাঙ্কি ক্যাপ বা স্কি মাস্ক উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তাদের পলাতক সহযোগী ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর বিষয়টি নিশ্চিত করেছেন।



