চাঁদপুরে শহর রক্ষা বাঁধের কাজে অনিয়ম সরকারি চাকরির পাশাপাশি সাব-ঠিকাদারি!

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ প্রকল্পের ব্লক তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ৪০০ কোটি টাকার এই প্রকল্পে সরকারি নিয়ম অনুযায়ী ব্লক কিউরিং ও ট্যাগিং না করার অভিযোগ রয়েছে।

এমনকি প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের এক কার্য সহকারীর বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব-ঠিকাদার হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

চাঁদপুরের পশ্চিম জাফরাবাদ সংলগ্ন মেঘনা নদীর তীরে চলছে শহর রক্ষা বাঁধ প্রকল্পের ব্লক তৈরির কাজ। এসকে এমদাদুল হক মামুনের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রকল্পের কাজ করছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী ব্লক তৈরির পর ৮ থেকে ১০ দিন পানি দিয়ে কিউরিং করার কথা থাকলেও মাত্র দুই দিনের মধ্যেই ব্লকগুলোতে ট্যাগ দেওয়া হচ্ছে। এতে ব্লকের গুণগত মান ও প্রকল্পের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রকল্পের কাজ তদারকির দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী হুমায়ুন কবিরের বিরুদ্ধে নিজেই সাব-ঠিকাদার হিসেবে কাজ পরিচালনা এবং শ্রমিকদের হাজিরা থেকে কমিশন নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শ্রমিক।

শ্রমিকদের বক্তব্য অনুযায়ী, আগে অন্য একজন সাব-ঠিকাদার ব্লক কিউরিং ও ট্যাগিংয়ের কাজ করতেন। বর্তমানে হুমায়ুন কবির নিজেই এই কাজ পরিচালনা করছেন বলে তাদের অভিযোগ।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কার্য সহকারী হুমায়ুন কবির। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কোনো কাজ করেন না বলে দাবি করেছেন।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে অবহিত করা হলে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

প্রায় ৪০০ কোটি টাকার এই প্রকল্পে ব্লক তৈরির মান, কিউরিং ও ট্যাগিংয়ের নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর