শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে চাঁদপুরে মন্ত্রী এ্যানি চৌধুরী

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা মরহুম মিজানুর রহমান চৌধুরীর বড় ভাই, বিশিষ্ট চিকিৎসক মরহুম ডা. ফজলুর রহমান চৌধুরীর সহধর্মিণী মনোয়ারা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বাদ জোহর চাঁদপুর শহরের পুরান বাজার চৌধুরী বাড়িস্থ ‘বাইতুল হাফিজ জামে মসজিদ’ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।

পরে মিজান চৌধুরীর পরিবারের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে গত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী ঢাকায় ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাঁদপুরে ছুটে আসেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি পুরান বাজারে মরহুমার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, মরহুমা মনোয়ারা বেগম মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নিকটাত্মীয় ছিলেন। সকালে চাঁদপুরে পৌঁছালে মন্ত্রীকে স্বাগত জানান চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান এবং প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ। বাদ জোহর অনুষ্ঠিত জানাজার নামাজে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম,

চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাসির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম, মরহুম মিজানুর রহমান চৌধুরীর মেজো ছেলে আমানুল্লাহ মিজান রাজু চৌধুরী, নাতি ফাইয়াজ মিজান, মরহুমা মনোয়ারা বেগমের চার ছেলে-হাফিজুর রহমান লিটন চৌধুরী, জিল্লুর রহমান নিউটন চৌধুরী, রিপন চৌধুরী ও মিল্টন চৌধুরীসহ অন্যান্য স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

সম্পর্কিত খবর