মেঘনাপাড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা

চাঁদপুর খবর রিপোর্ট : দ্বীনের দাওয়াত, ঈমানি চেতনার জাগরণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় চাঁদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ ফজর থেকে শহরের পুরানবাজারের দোকানঘর এলাকার মেঘনাপাড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ ইজতেমার কার্যক্রম শুরু হয়।

তাবলিগ জামাতের আয়োজনে ২২, ২৩ ও ২৪ অক্টোবর পর্যন্ত এ ইজতেমা অনুষ্ঠিত হবে।

এতে চাঁদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন। এর আগে বিভিন্ন স্থানে পাঁচবার জেলা পর্যায়ে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের অবস্থান ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন করতে নির্মাণ করা হয়েছে প্যান্ডেলসহ প্রয়োজনীয় অবকাঠামো। বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন।

মুসল্লিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে রয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প। পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থাও রাখা হয়েছে। আয়োজকদের আশা, তিন দিনের এ ধর্মীয় আয়োজনে চাঁদপুরের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে হাজার হাজার মুসল্লি অংশ নেবেন। ইজতেমায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে দ্বীনি আলোচনা, ঈমান ও আমলবিষয়ক বয়ান, জিকির-আযকারসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে।

তাবলিগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, বৃহস্পতিবার শুরু হওয়া জেলা ইজতেমা শনিবার (২৪ অক্টোবর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে। তিনি আরও জানান, ধর্মীয় অনুশাসন মেনে জীবন পরিচালনা, আত্মশুদ্ধি অর্জন এবং মানুষকে দ্বীনের পথে আহ্বান জানানোর লক্ষ্যেই এ ইজতেমার আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত খবর