
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শওকত আলী ছৈয়াল (৬৪) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে শিশুটি বাড়ি থেকে তার বাবার দোকানে পেঁপে পৌঁছে দিতে যায়।
দোকানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর বাড়ি ফেরার পথে গ্রামের একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই সময় শওকত আলী ছৈয়াল শিশুটির হাত ধরে টেনে পাশের একটি পরিত্যক্ত ভাঙা ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে ফিরে এলে তার মা তাসলিমা বেগমের সন্দেহ হয়।
এরপর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় শিশুটির বাবা ছেবত আলী ছৈয়াল বাদী হয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে মতলব উত্তর থানায় মামলা করেছেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। মামলার নম্বর ৮২। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে শওকত আলী ছৈয়াল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



