ফরিদগঞ্জে গাছ কাটা বাঁধা দেওয়ায় হামলার অভিযোগ : ছাত্রদল নেতাসহ আটক ২

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে পৈতৃক সম্পত্তিতে সৃজন করা বাগানের গাছের ডালপালা কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তিন নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত ১৬ অক্টোবর উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের দত্তের বাড়িতে এ ঘটনা ঘটে।
মামলার বাদী শিমুল লোধের অভিযোগ, তাঁদের প্রতিবেশী আবুল হাশেম বেপারী জালিয়াতির মাধ্যমে তাঁদের পৈতৃক সম্পত্তি নিজেদের নামে দলিল করে জবরদখল করে রেখেছেন। এসব সম্পত্তির কাগজপত্র উদ্ধার করে আইনি প্রক্রিয়ায় তাঁরা একের পর এক জমি পুনরুদ্ধারের চেষ্টা করছেন। এতে ক্ষুব্ধ হয়ে হাশেম বেপারীর ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ তাঁর লোকজন তাঁদের জমিতে চাষাবাদে বাধা দিতেন বলে অভিযোগ করেন তিনি।

শিমুল লোধ আরও অভিযোগ করেন, গত ১৬ অক্টোবর তাঁদের সম্পত্তিতে সৃজন করা বাগানের গাছের ডালপালা জোরপূর্বক কাটার সময় বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এতে তাঁর স্ত্রী টুম্পা দে (২৩), ভাইয়ের স্ত্রী কাকলী (৩০) ও বোন শোভা রানী (৩০) আহত হন।

এ ছাড়া তাঁকে ও তাঁর ভাতিজিকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তাঁর দাবি, এ সময় নারীদের পরিহিত স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। আহতদের হাসপাতালে নেওয়ার সময়ও বাধা দেওয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। আহতদের প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিমুল লোধ জানান, এ ঘটনায় তিনি ফরিদগঞ্জ থানায় মামলা করেছেন। পাশাপাশি নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও দাবি করেন তিনি।

এদিকে, ঘটনার পর অভিযুক্তদের এলাকায় না পাওয়ায় তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ উল্লাহ জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের পর এজাহারনামীয় দুই আসামি নিজাম উদ্দিন ও শামীমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর