
চাঁদপুর খবর রিপোর্ট : শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পারবেশে চাঁদপুর শহরের বাবুরহাটে স্বর্গীয় রমেশ চন্দ্র দে ব্যাড়র ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মণ্ডপে উপস্থিত হন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি মণ্ডপে আসা দর্শনার্থী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। সংসদ সদস্যের আগমনকে কেন্দ্র করে উপস্থিত পুণ্যার্থী ও উৎসবপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মণ্ডপে পৌঁছালে সংসদ সদস্যকে উষ্ণ অভ্যর্থনা জানান বাবুরহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি জওহর লাল আচার্য ও সাধারণ সম্পাদক যুবরাজ দাস। পরিদর্শনকালে এমপি মানিক উৎসব সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় জেলা বিএনপি, থানা বিএনপি, পৌর বিএনপি এবং ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
সংসদ সদস্যের আগমন প্রসঙ্গে চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চন্দন সে বলেন, “চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, আমাদের সবার প্রিয় মানিক ভাই আমাদের মণ্ডপে এসে সবাইকে সম্মানিত করেছেন। তাঁর আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
তাঁর উপস্থিতিতে ১৪ নম্বর ওয়ার্ডের এই ঐতিহ্যবাহী সার্বজনীন পূজার আনন্দ বহুগুণ বেডে গেছে।” সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে বাবুরহাটের স্বর্গীয় রমেশ চন্দ্র দে বাড়ির পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আমেজ আরও আনন্দমুখর ও উৎসবমুখর হয়ে ওঠে।




