
স্টাফ রিপোর্টার : ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন নির্বিঘ্ন রাখা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে মা ইলিশ রক্ষার গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্য সামনে রেখে মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে সরাসরি মেঘনা নদীতে অভিযান চালিয়ে জেলেদের সতর্ক করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানোর পাশাপাশি জেলেদের সচেতনতামূলক বক্তব্য দেন তিনি।
এ সময় মাছ ধরার প্রস্তুতিকালে নৌকা ও জাল জব্দ করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানকালে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক জানান, নদীতে নেমে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে নামছেন কি না এবং প্রশাসন কীভাবে অভিযান পরিচালনা করছে, তা তিনি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন। অল্প কিছু জেলে নদীতে নামার চেষ্টা করলেও প্রশাসন তাঁদের প্রতিহত করছে বলে জানান তিনি।
মা ইলিশ রক্ষায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের পাশাপাশি জেলেদেরও সহযোগিতা করতে হবে। জেলেরা যাতে তাঁদের প্রাপ্য খাদ্যসহায়তার চাল পুরোপুরি পান, সে বিষয়েও তিনি নজর রাখছেন। যাঁরা এখনো চাল পাননি, তাঁদের বিষয়টি সমন্বয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন। জেলেরা যেন সঠিকভাবে সরকারি সহযোগিতা পান, সে জন্য তাঁদের খোঁজখবর রাখা হচ্ছে বলেও জানান তিনি। জেলেদের উদ্দেশে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, মা ইলিশ আহরণে নিষেধাজ্ঞার সময়ে সবাইকে আইনকানুন মেনে চলতে হবে।
এ সময় জীবিকা নিয়ে কোনো সমস্যা দেখা দিলে তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জেলেদের যেকোনো প্রয়োজনে তাঁর দরজা সব সময় খোলা থাকবে।




