
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কলন্দর খান বাড়ি রোডে জনসাধারণের চলাচলের রাস্তার ওপর অবৈধভাবে দেয়াল ও ছাদ নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রাস্তার স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা জানিয়ে নির্মাণকাজ বন্ধ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।এ বিষয়ে ২০ এপ্রিল ২০২৬ তারিখে চাঁদপুর পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী। অভিযোগে একই এলাকার বাসিন্দা রাসেল মিয়াজির বিরুদ্ধে রাস্তার ওপর দেয়াল নির্মাণ ও ছাদের কাজ করার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কলন্দর খান বাড়ি রোডে সাধারণ মানুষের চলাচলের জন্য প্রায় সাত ফুট প্রশস্ত একটি রাস্তা রয়েছে। কিন্তু ওই রাস্তার ওপর দেয়াল নির্মাণ ও ছাদের কাজ করায় পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে জনদুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এলাকাবাসীর দাবি, জনসাধারণের চলাচলের পথ নির্বিঘ্ন রাখতে অবিলম্বে নির্মাণকাজ বন্ধ করা এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে চাঁদপুর পৌরসভার প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা।
আবেদনের অনুলিপি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের কাছেও পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে। এলাকাবাসীর পক্ষে অভিযোগে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন আবু ইউসুফ, মো. শাহিন, আয়েশা বেগম ও দেলোয়ার হোসেন খাঁনসহ স্থানীয় বাসিন্দারা। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাসেল মিয়াজির বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের সত্যতা যাচাই এবং নির্মাণকাজের বৈধতা নির্ধারণে পৌর কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।




