মতলবে মা-ছেলের ইসলাম গ্রহণ : হাসপাতালে ছেলের সুন্নতে খতনা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলবে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন মা ও ছেলে। নতুন নাম নিয়ে নতুনভাবে জীবন শুরু করেছেন তাঁরা। ইসলাম গ্রহণের পর ছেলেকে নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সুন্নতে খতনা করাতে আসেন মা। এ সময় তাঁদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মাসুদ ব্যাপারী নামে এক ব্যক্তি।

ইসলামের প্রতি বিশ্বাস থেকে স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছেন সুমি সরকার ও তাঁর ছেলে রবিন সরকার। ইসলাম গ্রহণের পর মায়ের নতুন নাম রাখা হয়েছে খায়রুন নাহার।

আর ছেলে রবিন সরকারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আব্দুল্লাহ। জানা গেছে, তাঁরা আগে ঢাকার ডেমরা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তাঁদের স্থায়ী ঠিকানা চাঁদপুরের মতলব উপজেলার খাদেরগাঁও গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে।

খায়রুন নাহার জানান, ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস ও ভালোবাসা থেকেই তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। তাঁর ছেলে আব্দুল্লাহও নিজের ইচ্ছায় ও সচেতনভাবে আদালতে হলফনামার মাধ্যমে ইসলাম গ্রহণ করেছে বলে উল্লেখ করেন তিনি। মা-ছেলের ভালোভাবে বেঁচে থাকার জন্য সবার সহযোগিতাও কামনা করেন খায়রুন নাহার। এদিকে মা-ছেলের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন মাসুদ ব্যাপারী নামে এক ব্যক্তি। তিনি তাঁদের আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আব্দুল্লাহকে নিজের ভাই এবং খায়রুন নাহারকে মায়ের মতো সম্মান করেন বলেও জানান তিনি। স্বামীর কাছ থেকে আলাদা হয়ে বর্তমানে সন্তানকে নিয়ে চাঁদপুরে অবস্থান করছেন খায়রুন নাহার।

নতুন পরিচয়ে জীবন শুরু করা মা-ছেলের সামনে এখন নতুন করে পথচলার চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে তাঁদের স্বাভাবিক জীবনযাপন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন সামাজিক সহযোগিতা।

সম্পর্কিত খবর