
স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মাদক নির্মূল এবং নারী নির্যাতনবিরোধী সচেতনতামূলক প্রচারণার ওপর গুরুত্ব দেওয়া হয়।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) চাঁদপুর সদর মডেল থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরান বাজারের দাসপাড়া সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দির ও দাসপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এবং চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ। পূজামণ্ডপে মাদক থেকে যুবসমাজকে দূরে রাখা এবং নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
অতিরিক্ত ডিআইজি জানান, দুর্গাপূজা ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অপরিচিত কাউকে সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশকে অবহিত করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দুটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে চাঁদপুর ত্যাগ করেন অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক।




