
স্টাফ রিপোর্টার : দলীয় শৃঙ্খলা ভঙ্গ, প্রকাশ্য দ্বন্দ্বে জড়ানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে চাঁদপুর সদর উপজেলার ১১ নম্বর ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চান মিয়া চৌকিদার ও যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা মিয়া চৌকিদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী যৌথভাবে এ নোটিশ জারি করেন।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) ইব্রাহিমপুর ইউনিয়নের টেকের বাজারে ওই দুই নেতা প্রকাশ্য দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়েন।
এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়। পরবর্তী সময়ে ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য চাঁদপুর সদর উপজেলা বিএনপি একটি তদন্ত কমিটি গঠন করে।
গত ৪ অক্টোবর ২০২৬ (রোববার) তদন্ত কমিটির সদস্যরা সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন বলে নোটিশে উল্লেখ করা হয়। পরে তদন্ত কমিটি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে লিখিত প্রতিবেদন দাখিল করে।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দাখিলের জন্য তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।




