
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে সড়ক দুর্ঘটনা রোধে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের গ্যাস কোম্পানি রোডের মুখ ও টেকনিক্যাল হাইস্কুলের সামনে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১০ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে চাঁদপুর সদর উপজেলার ওয়ারলেস বাজার-সংলগ্ন গ্যাস কোম্পানি রোডের সামনে পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কের টেকনিক্যাল হাইস্কুলের সামনে ও গ্যাস কোম্পানি রোডের মুখে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় অনেকে প্রাণ হারাচ্ছেন, আবার কেউ কেউ পঙ্গুত্ব বরণ করছেন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
বক্তারা আরও বলেন, দুর্ঘটনা কমাতে টেকনিক্যাল হাইস্কুলের প্রধান ফটকের দুই পাশে দুটি এবং গ্যাস কোম্পানি রোডের মুখে একটি স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে। জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এ দাবি বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সদস্য ইঞ্জিনিয়ার মো. সামাউন কবির, পৌর ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন মুন্সী, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাজেদ গাজী, স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসেন রঞ্জু পাটোয়ারী ও তাহামিনা আক্তার হ্যাপিসহ অন্যরা।
বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।




