
চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)-এর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বারডেম জেনারেল হাসপাতালের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন আহমেদ।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক নোটিশে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
চিকিৎসাসেবা ও স্বাস্থ্য প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ডা. মো. নাসির উদ্দীন আহমেদ এর আগে বারডেম জেনারেল হাসপাতালের অতিরিক্ত মহাপরিচালক এবং পরিচালক (হাসপাতাল ও লজিস্টিক সার্ভিসেস) হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরের কর্মকর্তা হিসেবে দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
এ ছাড়া তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে হাসপাতাল ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডা. মো. নাসির উদ্দীন আহমেদ চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডা. আবদুস সাত্তারের জ্যেষ্ঠ পুত্র। চাঁদপুরের এই কৃতী সন্তানের বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার খবরে তাঁর জন্মভূমি চাঁদপুরে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন। বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক হিসেবে তাঁর নতুন দায়িত্বের মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা ও রোগীদের সেবার মান আরও উন্নত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।




