
ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে দিনদুপুরে অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দোকানের প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা যায়, বিরামপুর বাজারের মুদি দোকানদার মাসুদ চকিদার প্রতিদিনের মতো দুপুরের খাবার খেতে বাড়িতে যান। পরে বিকেল ৩টার দিকে দোকানের কর্মচারী দোকান খুলতে গেলে ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান।
তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। বাজারের ব্যবসায়ী আবদুল্লাহ আল নাঈম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁর ছোট ভাই ইয়াছিন আরাফাত দোকানের অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
একই সঙ্গে এলাকার নারী-পুরুষ সম্মিলিতভাবে পানি দিয়ে আগুন নেভাতে সহযোগিতা করেন। স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন বেশি দূর ছড়িয়ে পড়তে পারেনি।
এতে দোকানটি সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। তবে দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।




